ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্টুডিও ভাঙচুর মামলায় জামিন পেলেন গোলাম মহিউদ্দিন

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৫ অক্টোবর ২০২৬
স্টুডিও ভাঙচুর মামলায় জামিন পেলেন গোলাম মহিউদ্দিন
সংগৃহীত ছবি


রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, ২ হাজার টাকার মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিনকে জামিন দেওয়া হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় ডিবি পুলিশ গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। মামলার এজাহারে তাকে চার নম্বর আসামি করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের ভেতরে থাকা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মামলার এজাহারে জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় গোলাম মহিউদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার এ মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পুলিশের দাবি করা বিকাশ চন্দ্র শাহকেও মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!