মিরপুরে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর কাফরুল থানা এলাকায় কে এম মাহমুদুল হাসান নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাহমুদুল হাসান গাইবান্ধার বাসিন্দা। তিনি মিরপুরের ১৩ নম্বর সেকশনে বসবাস করতেন এবং ভাসানটেক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
.png)
কাফরুল থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে মিরপুরের আলোক হাসপাতাল থেকে মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, মিরপুরের বাসায় মাহমুদুল হাসান গলায় ফাঁস লাগিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই সময় বাসায় পরিবারের অন্য কেউ ছিলেন না।
পরে পরিবারের সদস্যরা বাসায় এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে দ্রুত আলোক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সোমবার তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, মাহমুদুল হাসান আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এর পেছনে কী কারণ ছিল, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।