কিশোরীর মৃত্যু, ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা-ভাঙচুর
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে রোগীর স্বজনসহ স্থানীয় ১৫ থেকে ২০ জন ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে নিচতলায় হামলা ও ভাঙচুর চালান বলে জানা গেছে।
.png)
স্থানীয় সূত্রের দাবি, ডেঙ্গু আক্রান্ত ওই কিশোরীর মৃত্যুর পর স্বজনরা ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় হাসপাতালের নিচতলায় হামলা ও ভাঙচুর চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনায় হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। হামলার পর হাসপাতালের কয়েকজন কর্মকর্তা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলেও জানা গেছে।
মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রেজওয়ানুল ইসলাম বলেন, হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কী কারণে এ হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।