ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

তিন মাসে ৮.৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬, ৫ অক্টোবর ২০২৬
তিন মাসে ৮.৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ বাড়ায় রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৩ কোটি ডলার।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

এর আগে ২০ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী তখন রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!