আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে মেসি
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচ সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
রোববার (৪ অক্টোবর) বুয়েনস এইরেসে পৌঁছে এজেইজা অনুশীলন কেন্দ্রে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন মেসি। এর আগে তিনি জন্মশহর রোজারিওতে দুই দিন অবস্থান করেন। সেখান থেকে বুয়েনস এইরেসে গিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন।
.png)
বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা মেসির। এরপর জাতীয় দলের হয়ে আর মাঠে দেখা যাবে না ৩৯ বছর বয়সী এই তারকাকে।

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনও থাকছে। তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ নকশার একটি জার্সি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা তিনটি উল্লম্ব অংশের সঙ্গে জার্সিটির মাঝের সাদা অংশে থাকবে জাতীয় পতাকার সূর্যের প্রতীক।
জার্সিতে মেসির নাম ও ১০ নম্বর লেখা থাকবে সোনালি রঙে। ম্যাচ শেষে বিশেষ এই জার্সিটি মেসির ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করা হবে। সেখানে তার বিভিন্ন ট্রফি ও ব্যক্তিগত অর্জনের স্মারকের সঙ্গে জায়গা পাবে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের জার্সিটিও।
আর্জেন্টিনা দল স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টায় অনুশীলন করেছে। বেনিনের বিপক্ষে ম্যাচের আগে সোমবার (৫ অক্টোবর) শেষবারের মতো অনুশীলনে নামবে দলটি।
ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে মেসি ও আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির।