সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত, বসছে বেঞ্চ-ডাস্টবিন
রাজধানীর সেগুনবাগিচার দখলমুক্ত ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে ফুটপাতে নতুন ডাস্টবিন ও পথচারীদের বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। সংস্কার করা হয়েছে ফুটপাতের সীমানাপ্রাচীরও।
সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সীমানাপ্রাচীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা হয়েছে।
.png)
সোমবার (৫ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। উচ্ছেদের পর কেউ নিষিদ্ধ এলাকায় আবার বসলে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকার উচ্ছেদ করাই সিটি করপোরেশনের উদ্দেশ্য নয়। গরিব হকারদের পুঁজির ক্ষতি হোক, সেটিও তারা চান না। এ কারণে তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’ চালুর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সপ্তাহের অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকাররা বসতে পারবেন। হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মূল সড়ক বন্ধ করে বা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না বলে সতর্ক করেন আবদুস সালাম। উচ্ছেদের পর কেউ নিষিদ্ধ স্থানে পুনরায় বসলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, আগে যে ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করা যেত না, সেটি দীর্ঘ প্রচেষ্টায় হকারমুক্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকাটিকে পরিচ্ছন্ন ও নান্দনিক সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে চায় ডিএসসিসি।
এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে ডিএসসিসির কর্মীরা নিয়মিত কাজ করবেন জানিয়ে তিনি বলেন, সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ রাখতে সাংবাদিক, হকারসহ নগরবাসীর সহযোগিতা কামনা করে আবদুস সালাম বলেন, রাজধানীকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি নগরবাসীরও নাগরিক দায়িত্ব।