ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক ঐক্যের আহ্বান মাহদী আমিনের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ৫ অক্টোবর ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক ঐক্যের আহ্বান মাহদী আমিনের
সংগৃহীত ছবি

রোহিঙ্গা সংকট মোকাবিলা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক ও আঞ্চলিক অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের এক কর্মঅধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, রাজনৈতিক, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও সঠিক নীতি, পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। প্রতিটি দেশের সঙ্গে সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, কানেক্টিভিটি, প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে কিছু কর্মসংস্থান বিলুপ্ত হতে পারে। তবে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাক্রম আধুনিকায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, ২০ হাজার খাল ও নদী খনন এবং পানি সংরক্ষণে পদ্মা ব্যারেজ নির্মাণ ও তিস্তা ব্যারেজের মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়। এতে শতাধিক দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!