ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

‘আর রাজনীতি নয়’, ৮ দিনেই এনসিপি নেতা পদত্যাগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ৫ অক্টোবর ২০২৬
‘আর রাজনীতি নয়’, ৮ দিনেই এনসিপি নেতা পদত্যাগ
ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. শাহিদ আলম কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে তিনি দলটির জেলা ও উপজেলা পর্যায়ের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র দেন শাহিদ আলম। পদত্যাগপত্রে তিনি জানান, তিনি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে তিনি এসব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত না হওয়ার কথাও জানান তিনি।

Advertisement

শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার পাশাপাশি তার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে ব্যবসায় ক্ষতি হয়েছে। এ কারণে রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা জানান, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু সেটি এখনো গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্যসচিব করা হয়। জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!