আদালতে বিএনপি-জামায়াতের আইনজীবীদের হাতাহাতি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) বিকালে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
.png)
জানা যায়, আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীরা উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এর আগে, এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থান করা নিয়ে জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ত্যাগ করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের শুরু হয় আখতারুজ্জামানের জামিন শুনানি।
শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।