ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
.png)
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মামলায় ইনুর বিরুদ্ধে হত্যাসহ মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। ছয়জনকে হত্যার ঘটনাসহ জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ ছিল মামলায়।
গত ২০ সেপ্টেম্বর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ জানায়, তারা ট্রাইব্যুনালের দেওয়া সাজায় সন্তুষ্ট নয় এবং সাজা বাড়াতে আপিল করবে। আইন অনুযায়ী রায় বা দণ্ডের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষের দাবি, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তাই সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এখন রাষ্ট্রপক্ষের আপিলের ওপর পরবর্তী আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে আপিল বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।