পেট্রোবাংলায় ৭৫৩ জনের চাকরি, আবেদন ১৮ অক্টোবর
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীন ১২টি প্রতিষ্ঠানে বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯টি পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের পদভেদে ৯ম ও ১০ম গ্রেডে বেতন দেওয়া হবে। ৯ম গ্রেডের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং ১০ম গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।
.png)
নিয়োগের সবচেয়ে বেশি পদ রয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) পদে। এ পদে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসই/আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়ামসহ বিভিন্ন বিষয়ে মোট ২৪৭ জন নেওয়া হবে। এছাড়া বিভিন্ন বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে ১৫০ জন নিয়োগ দেওয়া হবে।
অন্যান্য পদের মধ্যে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ৯৭টি, সহকারী কর্মকর্তা (প্রশাসন) ৭০টি, সহকারী ব্যবস্থাপক (অর্থ) ৬৩টি এবং সহকারী কর্মকর্তা (অর্থ) পদে ৫৩টি জনবল নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) ১৫টি, জিওলজি ১২টি, কারিগরি ১১টি, আইন ৬টি, জিওফিজিক্স ২টি, জিওকেমিক্যাল, কেমিস্ট্রি ও এনভায়রনমেন্টে একটি করে পদ রয়েছে। পাশাপাশি সহকারী ড্রিলার ১টি, সহকারী কর্মকর্তা/উপ-সহকারী কর্মকর্তা (কারিগরি) ১১টি, ট্রেইনি ড্রিলার ৪টি, সহকারী কর্মকর্তা (আইন) ৪টি এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।
পদভেদে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং, চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং অথবা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য পেট্রোবাংলার নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।