এবার ‘সুপারহিরো’ রুপে দীপিকা
ইতোমধ্যে বলিউডে প্রায় ৩০০ কোটি টাকা বাজেটের সুপারহিরো ভিত্তিক সিনেমা নির্মিত হচ্ছে। অবশ্য বলিউডের সুপারহিরো ভিত্তিক সিনেমায় প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নারী।
ডিসি কমিকসের সুপারহিরো সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’ থেকে অনুপ্রাণিত হয়েই বলিউডে এ ছবি নির্মিত হতে যাচ্ছে। আর এই সুপারহিরোইন চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকা পাডুকোনকে।
যদিও এখন পর্যন্ত পরিচালক, প্রযোজকরা সিনেমার নাম থেকে শুরু করে কিছুই এখনো প্রকাশ্যে আনেননি তারা। তবে ইতোমধ্যে নায়িকা চুপিসারে বৈঠক করেছেন এই সিনেমার ক্রিয়েটিভ টিমের সঙ্গে। সিনেমা নির্মাণের প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে জানা গেছে। ২০১৯ সালে সিনেমার শুটিং শুরু হবে।
ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিত্রনাট্য নিয়েও নির্মাতারা কাজ শুরু করেছেন। সিনেমার পটভূমি ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা পর্ব চলছে। আর সেই আলোচনায় নিয়মিত উপস্থিত থাকছেন দীপিকা পাড়ুকোন।
গতবছর হলিউডের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় দীপিকা অভিনয় করেন অ্যাকশন তারকা ভিন ডিজেলের সঙ্গে। এতে নায়িকার অ্যাকশন দৃশ্যে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সে কথা মাথায় রেখেই তাকে এই সিনেমার জন্য নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে।
ডেইলি বাংলাদেশ/টিএএস