বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়ার পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের বাজারে এ দরপতন দেখা গেছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) গ্রিনিচ মান সময় ১২টা ২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ৯০৩ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৩ দশমিক ৮০ ডলার।
বাজারসংশ্লিষ্টদের মতে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
এর আগে, সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছিল। সূত্র: রয়টার্স