ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নিরাপত্তার কারণে স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ৩ নভেম্বর ২০২৬
নিরাপত্তার কারণে স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী
সংগৃহীত ছবি

স্বাধীনতা সংগ্রামের জাতীয় চার নেতার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমন হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৪টা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনীর শুরু হওয়ার কথা ছিল।

জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে।

আজ বিকাল চারটায় ছিল ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। এতে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের। প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। 

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক বলেন, অনুষ্ঠান ঘিরে তাদের সব ধরনের প্রস্তুতি ছিল। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের কিছু আগে পুলিশ এসে তাদের অনুষ্ঠান বন্ধ রাখতে বলেন। তারা আক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানান। যেহেতু এটি একটি জাদুঘর, অনেক মূল্যবান নিদর্শন রয়েছে, তাই পরিস্থিতি বিবেচনা করে তারা অনুষ্ঠান স্থগিত রেখেছেন। প্রদর্শনীটি করা হবে কি না, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে তিনি জানান।  

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, সেখানে নিরাপত্তা জনিত ঘাটতি ছিল। তাদের আশঙ্কা ছিল ফ্যাসিস্টের দোসরেরা অনুষ্ঠানে আক্রমণ করতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে জাদুঘর কর্তৃপক্ষকে তাদের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এরপর জাদুঘর কর্তৃপক্ষ অনুষ্ঠান বন্ধ করে দেয়। 

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!