ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮, ২৯ অক্টোবর ২০২৬
এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু
সংগৃহীত ছবি

ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়। শুনানি বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে।

বিইআরসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি এলপিজির মূল্য পরিবর্তনের পাশাপাশি বেসরকারি এলপিজির মজুতকরণ, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ পরিবর্তনের প্রস্তাব নিয়েও আলোচনা হচ্ছে।

এলপিজি অপারেটর, মজুতকরণ ও বোতলজাতকরণ প্রতিষ্ঠান এবং পরিবেশকদের পক্ষ থেকে এসব মূল্য ও চার্জ পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেওয়া হয়েছে।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়েছে।

শুনানিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অংশগ্রহণের পাশাপাশি প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত এবং প্রয়োজনীয় দলিল উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর এলপিজি অপারেটরদের পক্ষ থেকে মূল্য পরিবর্তনের প্রস্তাব জমা দেওয়া হয়। প্রস্তাবগুলো পর্যালোচনার পর গণশুনানির সিদ্ধান্ত নেয় কমিশন।

গণশুনানিতে অংশীজনদের বক্তব্য, তথ্য-উপাত্ত ও প্রস্তাব পর্যালোচনা করে এলপিজির দাম এবং সংশ্লিষ্ট চার্জের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিইআরসি।

তবে গণশুনানি শুরু হওয়া মানেই এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন নয়। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পরই নতুন মূল্যহার কার্যকর হওয়ার বিষয়টি স্পষ্ট হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!