ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]
প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচন

সভাপতি বাকের হোসেনের বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৩, ২৫ অক্টোবর ২০২৬
সভাপতি বাকের হোসেনের বিরুদ্ধে অপপ্রচার
বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাকের হোসেনসহ ব্যবসায়ীরা ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচন বানচাল করার চক্রান্ত এবং সভাপতি মো. বাকের হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্যবসায়ী নেতারা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার উর্দু রোডে সমিতির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করে বর্তমান সভাপতি ফারদিন গ্রুপের এমডি মো. বাকের হোসেন বলেন, ‘সব নির্বাচনই একটি গণতান্ত্রিক অধিকার। এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন। স্বনামধন্য এই সংগঠনের নির্বাচন বানচালের জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পর যে-ই পাস করে আসুক তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।’ এ সময় প্লাস্টিক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।
সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, নির্বাচন ভণ্ডুল করতে একটি প্রভাবশালী পক্ষ বিভিন্ন মহলে জোর তদবির চালাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে কুৎসা রটানো হচ্ছে। নামসর্বস্ব কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত এসব প্রতিবেদনকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ব্যবসায়ীরা বলেন, এ ধরনের অপপ্রচার প্লাস্টিক শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের স্থিতিশীলতা বিনষ্ট করছে।
ব্যবসায়ী নেতারা জানান, কোনো ধরনের যাচাই ছাড়া কারও বিরুদ্ধে গণমাধ্যমে অপপ্রচার বা ‘ট্রায়াল’ চালানো গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!