ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬, ২৯ অক্টোবর ২০২৬
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন
ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মদিন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা সাত বীরশ্রেষ্ঠের অন্যতম তিনি।

১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। তার বাবা মৌলবি আবদুস সামাদ এবং মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। তাদের পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে।

ঢাকা কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর তিনি পাকিস্তানের সারগোদায় বিমানবাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন।

১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন মতিউর রহমান। ১৯৬৩ সালে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। পরবর্তী সময়ে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ছুটিতে দেশে এসে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন তিনি। এ সময় ভৈরব এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধে অংশ নেন।

পরে পাকিস্তানে ফিরে সেখান থেকে একটি প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করেন মতিউর রহমান।

১৯৭১ সালের ২০ আগস্ট করাচির মশরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়নের সময় বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে পাকিস্তানের থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে শহীদ হন এই অকুতোভয় বাঙালি বৈমানিক।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সামরিক বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করে।

দেশের স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!