ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদ্মার দুই চিতল ও এক কাতল বিক্রি ১ লাখ ১৪ হাজারে

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ১৪ নভেম্বর ২০২৬
পদ্মার দুই চিতল ও এক কাতল বিক্রি ১ লাখ ১৪ হাজারে
পদ্মার দুই চিতল মাছ। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। স্থানীয় আড়তে নিলামে মাছ তিনটি ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় বিক্রি হয়। পরে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে অনলাইনে যোগাযোগের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। এ সময় মন্টু হালদারের জালে বড় একটি কাতল এবং মিঠু হালদারের জালে দুটি চিতল মাছ ধরা পড়ে।

পরে বেলা ১০টার দিকে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আড়তে নিয়ে আসেন জেলেরা। বড় আকৃতির মাছ দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষ।

আড়তে উন্মুক্ত নিলামে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে ৫৮ হাজার ৫১৫ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। অন্যদিকে ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে কেনেন ৫৩ হাজার ৮২০ টাকায়। সব মিলিয়ে মাছ তিনটির দাম পড়ে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকা।

পরে অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন সম্রাট শাহজাহান। একপর্যায়ে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।

সম্রাট শাহজাহান শেখ বলেন, শনিবার সকাল ১০টার দিকে আড়তের নিলামে অংশ নিয়ে মাছগুলো কেনেন তিনি। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন।

তিনি আরও বলেন, বর্তমানে পদ্মার বড় আকৃতির মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া যাচ্ছে। এতে বাজার সম্প্রসারণের পাশাপাশি জেলে ও ব্যবসায়ীরাও ভালো দাম পাচ্ছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশ মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

তিনি বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ রাখার ফলে ইলিশের পাশাপাশি চিতল, কাতল, বোয়াল, রুই ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে মাছের উৎপাদন আরও বাড়বে। এতে তারা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!