ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জিয়া স্বাধীনতা অর্জনের পাশাপাশি সার্বভৌমত্বও রক্ষা করেছেন-হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ৭ নভেম্বর ২০২৬
জিয়া স্বাধীনতা অর্জনের পাশাপাশি সার্বভৌমত্বও রক্ষা করেছেন-হুইপ দুলু
জেলা প্রশাসনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারাগার থেকে মুক্ত হয়ে দেশের হাল না ধরলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সেদিন রক্ষা হতো না। তাঁর মতে, জিয়াউর রহমান বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করেছিলেন।

শনিবার (৭ নভেম্বর) নাটোর সদর উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

বক্তব্যে হুইপ দুলু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশের হাল না ধরতেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হতো না।”

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং পরবর্তী সময়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের সবার।

৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের স্মৃতিচারণ করে দুলু বলেন, তখন তিনি সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়তেন। সেই সময়ের ঘটনাগুলো তাঁর এখনো মনে আছে। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!