জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: এমপি হাফিজ ইব্রাহিম
ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।
আজ শুক্রবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলা মার্কাজ জামে মসজিদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি হাফিজ ইব্রাহিম আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক এই দিনে বন্দী দশা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছিল। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব এ অধিকার তিনিই আমাদের দিয়ে গেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন করবেন। যাতে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের রেখে যাওয়া অমীমাংসিত জমিজমাসহ নানা সমস্যার সমাধান হয় এবং মাদকমুক্ত সমাজ ও এলাকার উন্নয়ন করতে পারে।
এ সময় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান, ওসি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।