সাফল্যের গল্পে ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
বাংলাদেশ পুলিশে, কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায়, আবার কেউ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। কর্মজীবনে প্রতিষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এসব প্রাক্তন শিক্ষার্থীর সাফল্যের গল্প ও অভিজ্ঞতা থেকে ক্যারিয়ার গড়ার নানা দিকনির্দেশনা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ দিতে নোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার।
শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের ও গর্বের বিষয়। অতীতে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার মধ্যেও তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাই বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকেও আরও ভালো কিছু প্রত্যাশা করেন তিনি।
উপাচার্য আরও বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় নোবিপ্রবির আসন্ন তৃতীয় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম উন্নয়নে কৃতী প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।
নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান রিমেল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কৃতী অ্যালামনাইও ক্যারিয়ার গঠন ও কর্মজীবনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তব ধারণা দিতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।