ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে ছয় গরু চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ২ অক্টোবর ২০২৬
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে ছয় গরু চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে আলম প্রামাণিক নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

আলম প্রামাণিক সলিমপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলম প্রামাণিক ও তার ভাই মান্নান প্রামাণিক দীর্ঘদিন ধরে অংশীদারত্বের ভিত্তিতে গরুর ব্যবসা করে আসছেন। ব্যবসার কাজে তাদের বাড়িতে নিয়মিত বেশ কয়েকটি গরু রাখা হয়। বৃহস্পতিবার রাতেও কয়েকটি গরু গোয়ালঘর ও বাড়ির সামনের ফাঁকা জায়গায় বেঁধে রাখা হয়েছিল। রাতের কোনো একসময় চোরচক্র সেখান থেকে ছয়টি গরু নিয়ে পালিয়ে যায়।

Advertisement

আলম প্রামাণিক জানান, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় গরুর ব্যবসার দেখাশোনা মূলত তার ছোট ভাই মান্নান প্রামাণিক করেন। বৃহস্পতিবার রাতে নতুন করে কয়েকটি গরু বাড়িতে আনার পর গোয়ালঘরে জায়গা না হওয়ায় কিছু গরু বাড়ির সামনের ফাঁকা জায়গায় বেঁধে রাখা হয়।

তিনি বলেন, রাত ১টার দিকে ঘুমানোর আগে তিনি শেষবারের মতো গরুগুলো দেখে ঘরে যান। পরে রাত ৩টার পর গরুগুলোর খোঁজ নিতে গিয়ে দেখেন, গোয়ালঘরের পাশ থেকে ছয়টি গরু নেই। পরে বুঝতে পারেন, সেগুলো চুরি হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!