পাবনায় দেশীয় অস্ত্রসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার
পাবনার ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকা সড়কের পাশে বটগাছের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের সহায়তায় তারা জানতে পারে, হাদল ইউনিয়ন এলাকায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদের একটি চালান মজুত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় কুচলিয়া গ্রামের পাকা সড়কের পাশে বটগাছের নিচে অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে সেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করে পুলিশ। পরে বস্তাটি তল্লাশি করে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের তাজা গুলি পাওয়া যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, প্রায় ১৪ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি চাপাতি, হাতলসহ প্রায় ১৮ ইঞ্চি লম্বা একটি ছুরি এবং বিভিন্ন আকারের তিনটি পুরোনো ধারালো দা।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।