গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে আগুন
পিরোজপুরের নাজিরপুরে মিছিল নিয়ে এসে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতে হামলা চালিয়ে থাই গ্লাস ভাঙচুর করা হয়। পাশাপাশি কয়েকটি দোকানেও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ নেতাকর্মী মিছিল নিয়ে ওই এলাকায় আসেন। তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। পরে সেখানে থাকা সুমন তালুকদারের একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই সময় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের বেড়ার টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
সুমন তালুকদারের ছোট ভাই ও নাজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি শোভন তালুকদার বলেন, মিছিল নিয়ে আসা লোকজন তাদের বসতবাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। তবে বাড়ির সীমানাপ্রাচীর ও প্রধান ফটক মজবুত থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি।
হামলায় তাদের কার্যালয়ের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া মোতালেব হোসেনের কয়েকটি দোকানে আগুন দেওয়ায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি তরিকুল ইসলাম।