ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লুঙ্গির নিচে উরুতে বাঁধা ১২০০ ইয়াবা, আটক যুবক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১৬ নভেম্বর ২০২৬
লুঙ্গির নিচে উরুতে বাঁধা ১২০০ ইয়াবা, আটক যুবক
অভিযানে আটক ব্রাহ্মণবাড়িয়ার যুবক। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে লুঙ্গির নিচে ডান পায়ের উরুতে বেঁধে রাখা ১ হাজার ২০০ ইয়াবাসহ মো. ছাইফুল খাঁন (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ছাইফুল খাঁন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার গ্রামের হরিয়াবহ (খাঁ বাড়ি) এলাকার ফরিদ খাঁনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির নিচে ডান পায়ের উরুতে বাঁধা অবস্থায় ১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকবিরোধী অভিযানে ওই যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!