ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ, আটক ১

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১৬ নভেম্বর ২০২৬
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. হানিফ ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হানিফ ওই এলাকার মো. হোসেন ভূঁইয়ার ছেলে।

এর আগে রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ বাজারে এসে ইউটার্ন নেয়। পরে গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় তারা একাধিকবার ফাঁকা গুলিবর্ষণ করেন। পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটানো হয় বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মুখোশ পরা থাকায় জড়িতদের শনাক্ত করতে পারেননি স্থানীয়রা।

স্থানীয় বিএনপি নেতা জুয়েল বলেন, তিনটি যানবাহনে আসা ব্যক্তিরা বাজারে দাঁড়িয়ে স্লোগান দিয়ে শতাধিকবার গুলি ছোড়েন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয় চা-দোকানি মেরাজ বলেন, হঠাৎ তিনটি গাড়ি বাজারে এসে থামে। এ সময় গাড়ি থেকে স্লোগান শোনা যায়। পরে তিনি গুলির শব্দ শুনতে পান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, দত্তপাড়ায় গুলিবর্ষণের ঘটনায় সোমবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে হানিফ ভূঁইয়াকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!