ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১৬ নভেম্বর ২০২৬
বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রোমান
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপি) ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমানের ফেসবুক পোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপি) ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমান দলটির রাজনীতি ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বিবৃতিতে রোমান বলেন, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে এ সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকেই ছোটবেলা থেকে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশায় তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। পরে দলের বিভিন্ন মিছিল, সভা ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

তবে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় হতাশ হয়ে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। রোমানের অভিযোগ, ঝিনাইগাতীতে মাদক বিস্তার ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলায় তাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একপর্যায়ে তার ওপর হামলা করা হয় এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় বলেও তিনি দাবি করেন।

রোমানের দাবি, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত বিভিন্ন ভাঙচুরের ছবি সম্পাদনা করে তার বিরুদ্ধে মামলা সাজানোরও অভিযোগ করেন তিনি। এমনকি হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তার কাকাকেও আসামি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

বিবৃতিতে রোমান তার মামা মরহুম আনিসুর রহমান কালুর কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, কালু কাংশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের কঠিন সময়ে নিজের সামর্থ্য অনুযায়ী দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক কারণে কারাভোগও করেছেন। কিন্তু জীবনের শেষ সময়ে দলের পক্ষ থেকে তার যথাযথ খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রোমান।

রোমান বলেন, ‘আমার কাছে রাজনীতির চেয়ে মানুষ বড়, পদ-পদবির চেয়ে মানবিকতা বড় এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য অনেক বেশি।’

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাউকে অন্যায়ভাবে হয়রানি না করা এবং পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

রোমান আরও বলেন, তিনি এমন একটি সমাজ চান, যেখানে মাদক ও দুর্নীতি থাকবে না, পাহাড় ও প্রকৃতি সুরক্ষিত থাকবে এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

বিবৃতির শেষে রাজনৈতিক জীবনে তার পাশে থাকা, সহযোগিতা করা ও ভালোবাসা দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিবৃতিতে নিজেকে ‘সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখা’ হিসেবে উল্লেখ করেছেন রোমান।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!