ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন। ফাইল ফটো

রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মীর মনির হোসেন। তিনি বর্তমানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই প্রজ্ঞাপনে জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মীর মনির হোসেন রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, মনজুর মোরশেদ হাইওয়ে পুলিশে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি তৎকালীন র‍্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। র‍্যাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের ঘটনায় আসামি গ্রেপ্তার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন তিনি।

পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে মীর মনির হোসেনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তার কার্যক্রমের দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।

এদিকে, রাজবাড়ীতে দায়িত্ব পালনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন। নতুন পদায়নের মাধ্যমে তিনি হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!