চা শ্রমিকদের বিনামূল্যে চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানির উদ্যোগ
মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। ‘গিফট অব সাইট’ নামের এ কর্মসূচির আওতায় ৭ হাজারের বেশি চা শ্রমিককে চোখের চিকিৎসা দেওয়া হবে। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ জনের ছানি অস্ত্রোপচার করা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
উদ্যোগটির আওতায় ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও চোখের পানি নিষ্কাশন নালির সমস্যা শনাক্ত এবং চিকিৎসার ব্যবস্থা থাকবে। এ জন্য চা-বাগানের বিভিন্ন স্থানে বিশেষ চক্ষু চিকিৎসা শিবির স্থাপন করা হবে। সেখানে চোখ পরীক্ষা, রোগী শনাক্তকরণ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে পাঠানো হবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য চক্ষুরোগের অস্ত্রোপচারও করা হবে বলে জানানো হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, সময়মতো চোখের চিকিৎসা না পেলে মানুষের কর্মক্ষমতা ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এ উদ্যোগের মাধ্যমে চা শ্রমিকদের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম আকতারুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।