ভৈরবে জমি নিয়ে বিরোধ, ভাড়াটিয়াদের হত্যার হুমকির অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে ভাড়াটিয়াদের প্রাণনাশ এবং জমির মালিককে কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও ভাড়াটিয়াদের নিরাপত্তা চেয়ে ভৈরব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির মালিক মুজিবুর রহমান।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি থানায় এ জিডি করেন। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে বলে জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, মুজিবুর রহমানের সঙ্গে একই এলাকার মো. রইছ মিয়া (৬০) ও রতন মিয়া (৩৭) নামের দুই ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে ঘটনার দিন অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে গিয়ে সেখানে বসবাসরত ভাড়াটিয়াদের জায়গা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ করেছেন তিনি।
মুজিবুর রহমানের অভিযোগ, ভাড়াটিয়ারা জায়গা ছেড়ে না গেলে তাদের ওপর হামলা চালিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে সুযোগমতো যেখানে পাওয়া যাবে, সেখানে কুপিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
জিডিতে আলমগীর হোসেন (৩৫) ও আজিজুর রহমান (৫৮)সহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন মুজিবুর রহমান। অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও আবেদনে উল্লেখ করেন।
মুজিবুর রহমানের ভাড়াটিয়া সজল বলেন, ‘আমি আগে থেকেই মুজিবুর রহমানের ভাড়াটিয়া হিসেবে আছি। এখনো সেখানে বসবাস করছি। কিন্তু ৬ নভেম্বর শুক্রবার রতন মিয়া এসে আমাদের ভাড়াটিয়া দোকান ছেড়ে চলে যেতে বলেন।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রতন মিয়া। তিনি বলেন, ‘আমি কাউকে জায়গা ছেড়ে যেতে বলিনি, কোনো হুমকিও দিইনি। এগুলো মিথ্যা অভিযোগ। তারা এমনিতেই চলে যাবে।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।