ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

গভীর রাতে মিরপুর-১০ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ৬ অক্টোবর ২০২৬
গভীর রাতে মিরপুর-১০ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

হকার উচ্ছেদের পর পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও ড্রেন ব্যবস্থার অবস্থা দেখতে গভীর রাতে মিরপুর-১০ এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে নিজেই গাড়ি চালিয়ে মিরপুর-১০ এলাকায় যান তিনি। পরে বিভিন্ন সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা ঘুরে নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হকার উচ্ছেদের পরও কিছু স্থানে নেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ দেখতে পান প্রশাসক। এসব সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর উদ্ধার হওয়া জায়গায় চলমান বৃক্ষরোপণ কার্যক্রমও পরিদর্শন করেন শফিকুল ইসলাম খান। এসব জায়গা যাতে পুনরায় দখল না হয় এবং জনসাধারণের স্বার্থে যথাযথভাবে ব্যবহার করা যায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ সময় বিভিন্ন ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু পরিস্থিতির খোঁজ নেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে ড্রেন সংস্কার, ডাস্টবিন স্থাপন এবং নাগরিক দুর্ভোগ কমাতে নেওয়া কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের দেয়াল থেকে অবৈধ পোস্টার-লিফলেট অপসারণের পর সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতি আঁকার বিষয়টিও পর্যালোচনা করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের সময় মিরপুর-১০ এলাকার সড়ক, ফুটপাত, ড্রেন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও নাগরিক সুবিধার সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন প্রশাসক।

হকার উচ্ছেদের পর উদ্ধার হওয়া স্থানগুলো পুনরায় দখল ঠেকাতে এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত নজরদারির ওপরও গুরুত্ব দেন তিনি।

মিরপুর-১০ এলাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল নগর এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির নির্দেশনা দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!