‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’, ক্লোজড এএসআই
ঘুষ গ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে তার বিতর্কিত মন্তব্যের ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরপরই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই ইলিয়াস হোসাইন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুষ গ্রহণ নিয়ে মন্তব্য করেন তিনি। স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন।
সোমবার রাতে একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে পুলিশের পোশাক ও ঘুষ গ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে রাতেই তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাতেই এএসআই ইলিয়াস হোসাইনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে করা একটি মামলার তদন্তেও এএসআই ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই মামলায় তিনি বিবাদীপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ ও ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল জানা যায়নি।