কাপ্তাইয়ে কর্ণফুলীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে স্রোতের টানে তলিয়ে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
.png)
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানাম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ সানামের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। ট্র্যাকিং শেষে পাহাড় থেকে নেমে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার জন্য নামেন তারা।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নদীতে নামার পর স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানাম। পরে খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানাম নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।