ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ২০ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫ টার দিকে  ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তার বাবা মো. নাছির উদ্দিন একজন অবসরপ্রাপ্ত এএসপি। সাদিজ  কলেজছাত্র ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী এলাকা থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। রোববার দুপুরে বেড়ানো শেষে দলটির কয়েকজন কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাদিজ পানিতে নামার পর নিখোঁজ হন।

কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান শুরু করে। কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। পরে রাঙামাটি থেকে একটি ডুবুরি দল এবং কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। কাপ্তাই থানা-পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করে। পরে বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে সাদিজের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে নেওয়ার সময় ওই পর্যটক মৃত ছিলেন। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল। এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!