ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
স্কুলে যাওয়ার কথা বলে মেঘনায় গোসল

নিখোঁজ যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল তিন কিশোর। তাদের মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর কিশোরের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নিখোঁজ তিন কিশোরের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই ভাই হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫)। নিখোঁজ রয়েছে একই এলাকার আব্দুল আলীর ছেলে আবির (১৪)।

Advertisement

তারা তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই চার বন্ধু। পরে স্কুলে না গিয়ে তারা ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও আসেকিন, আরেফিন ও আবির নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার অভিযান শেষে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!