ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যাবার আগে এক সন্ধ্যায় সহকর্মীদের সঙ্গে টনি ডায়েস

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০০, ২৯ জানুয়ারি ২০২০
যাবার আগে এক সন্ধ্যায় সহকর্মীদের সঙ্গে টনি ডায়েস
সহকর্মীদের সঙ্গে টনি ডায়েস

পাঁচ বছর পর হঠাৎ করে দেশে এসেছিলেন নব্বই দশকের জনপ্রিয় টিভি অভিনেতা টনি ডায়েস। গেল ২২শে জানুয়ারি তিনি নিউইয়র্ক থেকে দেশে আসেন। এতো দিন পন টনি ডায়েসের দেশে ফেরার কারণ ছিল- স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে ভালো কিছু সময় কাটানো। এরপর এক সন্ধ্যায় আড্ডায় মেতেছিলেন শোবিজের সহকর্মীদের নিয়ে।  

সেই মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন শোবিজের অনেকেই। এরমধ্যে রয়েছেন তৌকির আহমেদ, এস এ হক অলিক, আজিজুল হাকিম, জিনাত হাকিম, শহিদুজ্জামান সেলিম, তারিন জাহান, তানভিন সুইটি, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, মৌসুমি নাগ, আশনা হাবিব ভাবনাসহ আরো অনেকেই।

সহকর্মীদের সঙ্গে আনন্দমুখর আড্ডায় বেশ উপভোগ করেছেন টনি। তিনি বলেন, অনেকদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হলো। এই অল্প সময়ে সবার সঙ্গে দেখা করতে পারিনি। সত্যি বলতে সময়টা আমি বেশ উপভোগ করেছি। আবার কবে আসি তার ঠিক নেই।

Advertisement

টনি ডায়েসকে ঘিরে শোবিজ তারকাদের আড্ডা

টনি ডায়েসকে নিয়ে এক স্ট্যাটাসে তারিন জাহান বলেন, অনেক বছর পর টনি ভাই এবার দেশে এসেছিলেন স্বল্প সময়ের জন্য। দীর্ঘ দিন ধরে আমেরিকায় স্থায়ী বসবাস। ওখানে গেলে আমাদের দেখা হয় কিন্তু দেশের মাটিতে দীর্ঘদিন অনেক সহশিল্পীদের সঙ্গে দেখা হয়না। খুব স্বল্প সময়ে যাদের কথা মনে হয়েছে (অনিচ্ছাকৃত অনেককেই মিস করে গেছি বলতে, সরি) এই স্বল্প সময়ের আয়োজনে প্রায় সবাই উপস্থিত হয়েছেন। তোমরা না এলে এই সুন্দর মিলনমেলা হতো না। 

তিনি লেখেন, দীর্ঘদিন পর প্রিয় সহশিল্পীকে দেখার যে আনন্দঘন মুহূর্ত!! এই তো বন্ধুত্ব, এই তো সম্পর্ক...পুরোনো সম্পর্কের যে বন্ধন তা কখনো পুরনো হয়না, তা সব সময় সজীব, তাজা থাকে মনের মাঝে এই ছবিগুলোর মুহূর্তগুলোর মতো। ভালোবাসার এই মেলবন্ধন যেন অটুট থাকে আমাদের মাঝে।

নাট্যাভিনেত্রীদের সঙ্গে অভিনেতা টনি ডায়েস

এক সপ্তাহের সফর শেষে সোমবার রাতের ফ্লাইটেই নিউইয়র্কে ফিরে যান এই অভিনেতা। তবে আসছে বছর আবারো আসতে পারেন দেশে। তখন হয়তো বা অভিনয়ে দেখা যেতে পারে এই অভিনেতাকে।

২০০৮ সালের শেষের দিকে টনি ডায়েস তার স্ত্রী প্রিয়া ডায়েস ও মেয়ে অহনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিউইয়র্ক লং আইল্যান্ডের হিকসভিল শহরে বসবাস করছেন তিনি।

১৯৮৯ সালে নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেয়ার মধ্য দিয়ে টনি ডায়েসের অভিনয় জীবন শুরু হয়। ১৯৯৪ সাল থেকে শুরু হয় টিভি নাটকের ক্যারিয়ার। ২০০৮ সাল পর্যন্ত চার শতাধিক নাটক, ধারাবাহিক আর টেলিছবিতে অভিনয় করেছেন টনি। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা দুটি। ছবিগুলো হচ্ছে ‘মেঘের কোলে রোদ’ ও ‘পৌষ মাসের পিরিত’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!