ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খেল স্পেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ১০ নভেম্বর ২০২৬
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খেল স্পেন
হাঁটুর অস্বস্তিতে আছেন ইয়ামাল

উয়েফা নেশন্স লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আসন্ন ম্যাচে লামিনে ইয়ামাল ও মিকেল ওয়ারাজাবালকে পাচ্ছে না স্পেন। শারীরিক অসুস্থতা ও চোটজনিত অস্বস্তির কারণে গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

গত রোববার বার্সেলোনার হয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন ইয়ামাল। ওই ম্যাচে চোট না পেলেও পরে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি।

অন্যদিকে ফ্লুতে আক্রান্ত হওয়ায় রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল সোসিয়েদাদের ম্যাচে খেলতে পারেননি ওয়ারাজাবাল। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে এই দুই খেলোয়াড়কে পাওয়া যাবে না। তবে আগামী রোববার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তারা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেন।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দুই খেলোয়াড় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের পাওয়ার লক্ষ্য রয়েছে।

চার ম্যাচে চার জয়ে এরই মধ্যে নেশন্স লিগের পরবর্তী পর্ব নিশ্চিত করেছে স্পেন। ফলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও দলটির সামনে বড় কোনো চাপ নেই।

আগামী ১৫ নভেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। গ্রুপের শীর্ষ দুই দলের এই লড়াইয়ে ইয়ামাল ও ওয়ারাজাবালকে ফিরে পাওয়া স্পেনের আক্রমণভাগের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!