ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কপ-৩১: নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্য অপচয় রোধে আলোচনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০৮, ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১: নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্য অপচয় রোধে আলোচনা
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ-৩১। ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম দিনের আলোচনায় গুরুত্ব পেয়েছে খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য ও নিরাপদ পানির সংকট মোকাবিলার বিষয়গুলো। তুরস্কের আনতালিয়ায় সোমবার শুরু হওয়া এ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং খাদ্য অপচয় রোধ নিয়েও আলোচনা হয়েছে।

সম্মেলনের মূল কূটনৈতিক আলোচনার ক্ষেত্র ‘ব্লু জোন’ এবং নাগরিক সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত ‘গ্রিন জোন’-এর কর্মশালা ও সংলাপে এসব বিষয় উঠে আসে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য খাদ্যব্যবস্থা ও কৃষি সুরক্ষা, নিরাপদ পানির নিশ্চয়তা এবং জলবায়ু অভিযোজনের অর্থায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্লু জোনের প্রথম দিনের আলোচনায় বৈরী আবহাওয়া, দীর্ঘস্থায়ী খরা, বন্যা ও মাটির লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহব্যবস্থায় সৃষ্ট ঝুঁকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। পাশাপাশি কৃষি ও বর্জ্য খাত থেকে নির্গত মিথেন গ্যাসের নিঃসরণ কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

অন্যদিকে, গ্রিন জোনের আলোচনায় জলবায়ু সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, খাদ্য অপচয় রোধ এবং স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া সৌরবিদ্যুৎ ও হাইড্রোজেন শক্তিসহ পরিচ্ছন্ন জ্বালানির প্রযুক্তি ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক শাহ ইশরাত আজমেরি বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই খাদ্যসংকটের ঝুঁকিতে রয়েছে। কপ-৩১-এর উদ্বোধনী দিনের আলোচনায় ব্লু ও গ্রিন—দুই জোনেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। বন্যাপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য এ সংকট আরও উদ্বেগের। এ পরিস্থিতিতে জলবায়ু তহবিল থেকে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির হিসাব তুলে ধরে এবারের সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ বা ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আগেই জানিয়েছেন, বাংলাদেশ শুধু নিজের জন্য নয়, জলবায়ু ঝুঁকিতে থাকা সব দেশের জন্যই এ তহবিলের পরিমাণ বাড়ানোর দাবি তুলবে।

এদিকে সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!