ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

সারা রাত রাজপথ পাহারা দিয়েছে ছাত্রদল: রাশেদ খান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪, ১০ নভেম্বর ২০২৬
সারা রাত রাজপথ পাহারা দিয়েছে ছাত্রদল: রাশেদ খান
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ ক্ষেত্রে জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে সমালোচনা করার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির মাঠে থাকার বিষয়টির প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে ছাত্রশক্তি ছোট সংগঠন হলেও তারা মাঠে রয়েছে। এ জন্য সংগঠনটির নেতাকর্মীরা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

রাশেদ খান আরও বলেন, গণভবন দখলের কথিত নকশাকারীরা দেখিয়ে দিয়েছেন, কীভাবে জাতির দুঃসময়ে আড়ালে থাকতে হয় এবং সুসময়ে বিপ্লবীর ভূমিকা নিতে হয়।

তিনি বলেন, বাংলাদেশপন্থী শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত রাখতে পারে না। এ কারণে সারা রাত ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথ পাহারা দিয়েছেন এবং মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে টহল দিয়েছেন। মঙ্গলবারও সারাদিন ছাত্রদল রাজপথে থাকবে বলে জানান তিনি।

পোস্টে রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসংযোগ ও সহিংসতার চেষ্টা করবে, সেখানে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!