ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ নারী নক্ষত্র ]

পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা

নাজমীন মর্তুজা
প্রকাশিত: ১১:৩৬, ১০ নভেম্বর ২০২৬
পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা
নারীর সৌন্দর্য অপরাধ নয়। আত্মবিশ্বাস ঔদ্ধত্য নয়। প্রতিবাদ করা মানে চরিত্রহীনতা নয়। আর সাংবাদিকতা কারও ব্যক্তিগত জীবনকে বাজারে তুলে ধরার লাইসেন্সও নয়।
  • হরিণের নাভির কস্তুরির মতো নারীর সৌন্দর্যও অনেক সময় তার আশীর্বাদ নয়, বরং সামাজিক ঈর্ষা, সন্দেহ, অপবাদ ও বৈরিতার উৎস হয়ে ওঠে।

ফেসবুক জুড়ে পরীমনির মধ‍্যমা তোলা ছবিতে সয়লাব । আজ ঘুম থেকে উঠে পরীমণিকে নিয়ে যে কাণ্ড দেখলাম, তাতে মনে হলো দেশে বুঝি আর কোনো সংবাদ নেই! পরীমণি, সাংবাদিক, মধ্যমা আঙুল, বয়কট সব মিলিয়ে তুলকালাম।

ঘটনাটি দেখতে গিয়ে হঠাৎ মনে পড়ল চর্যাপদের কবি ভুসুকুপার সেই অসামান্য পঙ্‌ক্তি
“আপনা মাংসে হরিণা বৈরী।”
নিজের সৌন্দর্যই কখনো কখনো নিজের বৈরিতার কারণ হয়ে দাঁড়ায়। 

হরিণের নাভির কস্তুরির মতো নারীর সৌন্দর্যও অনেক সময় তার আশীর্বাদ নয়, বরং সামাজিক ঈর্ষা, সন্দেহ, অপবাদ ও বৈরিতার উৎস হয়ে ওঠে। 

একটি মেয়ে সুন্দরী হলে শৈশব থেকেই তাকে নানা দৃষ্টির মুখোমুখি হতে হয়। স্কুলে, কর্মক্ষেত্রে, পরিবারে, পাড়া প্রতিবেশীর মধ্যে, সর্বত্রই তার সৌন্দর্য নিয়ে অদ্ভুত এক বিচার চলে। সে আত্মবিশ্বাসী হলে অহংকারী, প্রতিবাদী হলে বেয়াদব, স্বাধীনভাবে চললে উচ্ছৃঙ্খল, আর নিজের জীবন নিজের মতো পরিচালনা করলে চরিত্রহীন! যেন সুন্দরী নারীর কোনো মানবিক সত্তা থাকতে নেই। তার সৌন্দর্য আছে, কিন্তু ক্লান্তি নেই , মনের আবেগ নেই , শরীর আছে, কিন্তু অনুভূতি নেই পরিচিতি আছে, কিন্তু ব্যক্তিগত মর্যাদার অধিকার নেই! 

এই প্রবণতা শুধু আমাদের সমাজের নয়। হলিউডের অভিনেত্রীদের জীবনেও সৌন্দর্য ও বাহ্যিক ইমেজকে কেন্দ্র করে পেশাগত বৈষম্য এবং সামাজিক বিচার বিশ্লেষণের বহু উদাহরণ রয়েছে। সৌন্দর্য নারীকে পরিচিতি দিতে পারে, আবার সেই সৌন্দর্যই তাকে মানুষ থেকে প্রদর্শনীর বস্তুতে পরিণত করতে পারে।

এবার আসি পরীমণির প্রসঙ্গে।
তাঁর ব্যক্তিগত জীবন, অর্থের উৎস কিংবা জীবনযাপনের ধরন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। সেসবের জবাবদিহির জায়গা আলাদা। কিন্তু একজন নারী হিসেবে তাঁর নিরাপত্তা, সম্মান ও প্রতিবাদের অধিকার নিয়ে আমার প্রশ্ন আছে।

আদালত প্রাঙ্গণে একজন নারী যদি শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন, তাহলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হলো না কেন? সাংবাদিক হোন, নিরাপত্তারক্ষী হোন কিংবা অন্য কেউ, কারও পেশাগত পরিচয় তাঁকে অন্যের গায়ে হাত দেওয়ার অধিকার দেয় না।

একজন নারী শারীরিক আক্রমণের মুখে পড়লে তাঁর আত্মরক্ষার অধিকার আছে। তিনি প্রতিবাদ করবেন, চিৎকার করবেন, ক্ষোভ প্রকাশ করবেন। সব প্রতিবাদ যে মার্জিত ভাষায় হবে, এমন কোনো সামাজিক বিধান নেই। তবে এটাও সত্য, গালিগালাজ কিংবা মধ্যমা আঙুল প্রদর্শন আদর্শ প্রতিবাদের ভাষা নয়। 

পরীমণির প্রতিটি আচরণকে সমর্থন না করেও তাঁর প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করা যায়। এই পার্থক্যটুকু বোঝা জরুরি। কিন্তু সাংবাদিকতার নামে যা ঘটছে, সেটিও কি খুব স্বস্তিদায়ক?

একজন অভিনেত্রী কী পরলেন, কোথায় গেলেন, কার সঙ্গে সম্পর্ক হলো, কখন হাসলেন, কখন কাঁদলেন, কখন রাগ করলেন, এমনকি কখন হাঁচি দিলেন, সেটিও সংবাদ! সংবাদ অনুসন্ধানের চেয়ে ব্যক্তির প্রতিটি মুহূর্তকে কনটেন্ট বানানোর প্রবণতা যেন ক্রমেই বাড়ছে।

কুকুর যেমন মাংসের লোভে আরেক কুকুরের পেছনে ছোটে, তেমনি একশ্রেণির ভিউনির্ভর কনটেন্ট নির্মাতা ও বিনোদন সাংবাদিকও তারকার পেছনে ছোটেন একটু বেশি ভিউয়ের আশায়। পরীমণিকে ঘিরে উত্তেজনা যত বাড়ে, তাঁর নাম তত প্রচারিত হয় সংবাদমাধ্যমেরও ভিউ বাড়ে। এই পারস্পরিক প্রচারের খেলায় সংবাদ কোথায় হারিয়ে যায়, সেটিই বড় প্রশ্ন।

অবশ্যই সব সাংবাদিককে এক পাল্লায় মাপছি না। দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা সমাজের অপরিহার্য শক্তি। কিন্তু পেশার মর্যাদা রক্ষার নামে প্রকাশ্যে একজন শিল্পীকে ‘ভুয়া’ বলে বিদ্রূপ করা, তাঁকে ঘিরে অপমানের পরিবেশ তৈরি করা কিংবা বয়কটের হুমকি দেওয়া কতটা পেশাগত আচরণ, তা ভাবার সময় এসেছে।

পরীমণিকে নিয়ে আমার অবস্থান পরিষ্কার।  তিনি অভিনয়শিল্পী হিসেবে পরিশ্রমী, সৌন্দর্য ও মেধার সমন্বয় তাঁর মধ্যে আছে। তাঁর কাজের সমালোচনা হোক, ব্যক্তিগত আচরণেরও সমালোচনা হোক। কিন্তু তাঁকে প্রতিদিন ব্যক্তিগত জীবনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করার অধিকার কারও নেই।

আরেকটি কথা। পরীমণি প্রতিবাদ করলে তা সংবাদ হয়, কারণ তাঁর পরিচিতি আছে, তাঁর বক্তব্য শোনার জন্য মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আছে , এক ক্লিকে পৌঁছে যায় বহু মানুষের কাছে। কিন্তু তাই বলে অন্য নারীরা প্রতিবাদ করেন না, এমন নয়। 

একজন গৃহিণী সংসারে, একজন কর্মজীবী নারী কর্মক্ষেত্রে, একজন শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে, একজন সাধারণ নারী রাস্তায় কিংবা নিজের ঘরে প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন। তাঁদের প্রতিবাদ ক্যামেরায় আসে না, ভাইরাল হয় না। তাই বলে তাঁদের লড়াইয়ের মূল্য কম নয়।

পরীমণির মধ্যমা আঙুল নিয়ে এত আলোচনা হচ্ছে, অথচ প্রতিদিন কত নারী প্রকাশ্যে ও ঘরের ভেতরে অপমানিত হচ্ছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে আমাদের এত ক্যামেরা কোথায়? পরীমণির প্রতি আমার সহমর্মিতা আছে, কিন্তু অন্ধ সমর্থন নেই। সাংবাদিকদের পেশাগত মর্যাদার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু পেশার আড়ালে ব্যক্তিগত অপমান ও ভিউয়ের বাণিজ্যকে সমর্থন নেই।

পরীমণিকে শুধু এটুকুই বলব, নিজের সৌন্দর্যকে কখনো অপরাধ ভেবো না। তোমার সৌন্দর্য, মেধা ও শ্রম তোমার নিজস্ব সম্পদ। কেউ তোমাকে কীভাবে দেখবে, তার দায় তোমার নয়। তবে নিজের আচরণের দায় তোমাকেই নিতে হবে।

আপনা মাংসে হরিণা বৈরী।
ভুসুকুপার এই পঙ্‌ক্তি আজ শুধু পরীমণির জন্য নয়, আমাদের সমাজের জন্যও প্রাসঙ্গিক।

যে সমাজ নারীকে সুন্দরী হিসেবে দেখতে ভালোবাসে, অথচ সেই সৌন্দর্যের অধিকারিণীকে স্বাধীন মানুষ হিসেবে মেনে নিতে পারে না, যে সমাজ তারকাকে নিয়ে প্রতিদিন খবর বানায়, আবার তাকেই প্রকাশ্যে অপদস্থ করে, সেই সমাজের অসুস্থতাটাও একবার দেখা দরকার।

নারীর সৌন্দর্য অপরাধ নয়। আত্মবিশ্বাস ঔদ্ধত্য নয়। প্রতিবাদ করা মানে চরিত্রহীনতা নয়। আর সাংবাদিকতা কারও ব্যক্তিগত জীবনকে বাজারে তুলে ধরার লাইসেন্সও নয়।

একজন নারীকে আগে মানুষ হিসেবে দেখতে শিখুন। তারপর তাঁর সৌন্দর্য, তাঁর পেশা, তাঁর ব্যক্তিগত জীবন কিংবা তাঁর ভুলের বিচার করুন। কারণ হরিণের কস্তুরির সন্ধানে ছুটতে ছুটতে আমরা যেন হরিণটিকেই আঘাত না করি।
    

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!