লোহাগড়ায় ছাদ থেকে হাত বাঁধা অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকা থেকে আজিবর শেখ (৪২) নামের এক অটোভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে লক্ষ্মীপাশা মোল্লার মাঠের পাশে গিরি বেগমের একতলা ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিবর শেখ উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার শেখ। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরলেও সেদিন তিনি আর ফেরেননি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাকে না পেলেও সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার অটোভ্যানটি পাওয়া যায়। তবে তখনও তার কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার (১০ নভম্বর) সকালে লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে গিরি বেগমের একতলা ভবনের ছাদে দুই হাত বাঁধা অবস্থায় মরদেহ ওই বাড়ির ভাড়াটিয়ারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অটোভ্যানচালকের সুরতহাল লিপিবদ্ধ শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।