লোহাগড়ায় অগ্নিকাণ্ডে পুড়লো ২ টি দোকান,ক্ষতি প্রায় ৭ লাখ টাকা
নড়াইলের লোহাগড়া বাজারে ২ টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে লোহাগড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লোহাগড়া বাজারে অবস্থিত ইবাদত শিকদারের কাঁচামালের আড়তের ম্যানেজার অজয় সাহা বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাঁচামালের আড়ত সংলগ্ন একটি মিষ্টির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে। পরে আগুন ছড়িয়ে পড়ে গোটা আড়তের ভেতরসহ আশেপাশের দোকানে।
লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।
আগুনের খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীদের যৌথ চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ সোহাগুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এঘটনায় দুইটি দোকান পুড়ে গেছে।