বান্দরবানের দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রাথমিক হিসাবে আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ইতলী পাড়ার বাসিন্দা নাইম্রাচিং মার্মার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘ গুলোতে ছড়িয়ে পড়ে। একের পর এক ঘর ও দোকানে আগুন ধরে গেলে আতঙ্কে লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই ১৫টি বসতঘর ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, বড়ইতলী পাড়া অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও নদী পার হতে না পারায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে পাশের ছাইংগ্যা দানেশ পাড়ার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল পায়ে হেঁটে নদী পার হয়ে দীর্ঘসময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ছাইংগ্যা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমাদের এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে পায়ে হেঁটে নদী পার হয়ে ঘটনাস্থলে আসি। সবাই মিলে দীর্ঘসময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা সময়মতো এগিয়ে না এলে পুরো পাড়াটি আগুনে পুড়ে যেতে পারত।”
বড়ইতলী পাড়ার কারবারি (পাড়াপ্রধান) সিংচামং মার্মা বলেন, “রাত সাড়ে ১১টার দিকে এলাকাবাসী আগুন আগুন বলে চিৎকার করতে থাকেন। ঘর থেকে বের হয়ে দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। পরে পাশের এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসতে পারেননি।”
স্থানীয়দের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, “তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর আমরা পেয়েছি। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে তারাছা পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয় গ্রামবাসীরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি, আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী ও দোকানের মালামাল পুড়ে গেছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে অনেক পরিবার সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় পড়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দুর্গম পাহাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পৌঁছাতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন এলাকাবাসী।