অভিষেকেই রেকর্ড গড়লেন পাকিস্তানের তাইয়্যাব আরিফ
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেই ব্যাট হাতে রেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার তাইয়্যাব আরিফ। পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড এখন তার দখলে।
সোমবার (৯ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে ব্যাট করতে নামেন ২০ বছর বয়সী আরিফ। ডানহাতি এই ব্যাটার ৫১ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা।
অর্ধশতকের মাইলফলক স্পর্শ করতে আরিফের লাগে মাত্র ৪৬ বল। এর মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি।
তবে টেস্ট অভিষেকে পাকিস্তানের হয়ে দুই ইনিংস মিলিয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি রয়েছে রাজাউল্লাহর দখলে। গত সেপ্টেম্বরে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৩ বলে ফিফটি করেন তিনি। প্রথম ইনিংসে তার সংগ্রহ ছিল ১১ বলে ১১ রান।
আন্তর্জাতিক টেস্টে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধশতকের রেকর্ড দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের। ২০২৫ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩৮ বলে ফিফটি করেন তিনি।
অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে এর চেয়েও কম বলে অর্ধশতক করেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও ইংল্যান্ডের জ্যাকব বেথেল। ২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ফিফটি করেন সাউদি। আর ২০২৪ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭ বলে অর্ধশতকের দেখা পান বেথেল।
অভিষেক টেস্টে ৫০ বা তার বেশি রান করা পাকিস্তানের ১৮তম ওপেনার তাইয়্যাব আরিফ। এই তালিকায় রয়েছেন হানিফ মোহাম্মদ, খালিদ ইবাদুল্লাহ, আবদুল কাদির, সাদিক মোহাম্মদ, তাসলিম আরিফ, আলী নাকভি, ইমরান ফারহাত, তৌফিক উমর, মোহাম্মদ হাফিজ ও ফাওয়াদ আলম। এ ছাড়া শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইমামুল হক, ফখর জামান, আবিদ আলী, আবদুল্লাহ শফিক ও আজান ওয়াইসও এই তালিকায় আছেন।