নিজের জীবনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের ৮ নভেম্বর এই দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। আজ আলাইনার জন্মদিন। বিশেষ এই দিনে মেয়েকে নিজের জীবন বলে আখ্যায়িত করেছেন টাইগার অলরাউন্ডার।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় মেয়ে আলাইনার ছবি পোস্ট করেন সাকিব। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, আমার জীবনকে জানাই শুভ জন্মদিন।
আরো পড়ুন: এলপিএলের নতুন সূচি প্রকাশ
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আলাইনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিবপত্নী শিশির। মেয়ের নাচের ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন- আজ সেই বিশেষ দিন, যে দিনের জন্য সে অনেকদিন ধরেই অপেক্ষা করছিল। আজ সে পাঁচে পা দিল।
সাকিবপত্নী আরো লিখেছেন, আমাদের সবচেয়ে সুন্দর এবং প্রতিভাধর ছোট্ট সূর্যালোককে জানাই শুভ জন্মদিন। তোমাকে আমাদের জীবনে পেয়ে আমরা ধন্য হয়েছি। আমরা তোমাকে যে কোন কিছুর চেয়ে বেশি ভালবাসি।
আরো পড়ুন: সন্তানের জন্য শেষ দিকে না-ও খেলতে পারেন কোহলি
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকলেও পেশাগত কারণে সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফলে বড় মেয়ের বিশেষ এই দিনে সেখানে থাকতে পারেননি তিনি। মা-বোন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে আলাইনা।