সন্তানের জন্য শেষ দিকে না-ও খেলতে পারেন কোহলি
নতুন বছরের শুরুতেই বাবা হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই সময় অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সফরের শেষ দুটি টেস্ট ম্যাচ না-ও খেলতে পারেন তিনি। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র।
বেশ কয়েক বছরে ধরেই বাবা হওয়ার সময়ে ক্রিকেটারদের ছুটি দিচ্ছে বিসিসিআই। এই সুযোগ পেতে পারেন ভারতীয় অধিনায়কও। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইয়ের একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট খেলেই ছুটি নিতে পারেন কোহলি।
সূত্রটি বলেছে, ‘বিসিসিআই সবসময় বিশ্বাস করে সবার আগে পরিবারের অগ্রাধিকার। যদি আমাদের অধিনায়ক পিতৃত্ব বিরতি নেয়ার সিদ্ধান্ত নেন, তবে তিনি কেবল প্রথম দুটি টেস্ট ম্যাচেই খেলতে পারবেন।’
.png)
সাধারণ কোন সময় হলে শুধু একটি টেস্ট মিস করতেন কোহলি। সেক্ষেত্রে আনুশকা সন্তান প্রসবের পর আবারো অস্ট্রেলিয়া গিয়ে ব্রিসবেনে শেষ টেস্ট খেলতে পারতেন তিনি। কিন্তু করোনা মহামারির কারণে সেটা সম্ভব হচ্ছে না। কারণ কোহলি ভারতে এসে আবারো অস্ট্রেলিয়া গেলে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগেই শেষ হয়ে যাবে সিরিজের শেষ টেস্ট।
বিষয়টি নিশ্চিত করে সূত্রটি বলেছে, ‘দেখুন, সাধারণ কোন সময়ে হলে প্রথম সন্তান জন্মের পরই কোহলি ফিরে যেতে পারতেন। তখন তিনি একটি টেস্ট মিস করতেন এবং ব্রিসবেনে শেষ টেস্টে খেলতেন। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইনের কারণে এটা স্পম্ভব হবে না।’
সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ দিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই শুরু হবে। ২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে যথাক্রমে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ হবে সিডনিতে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে মানুকা ওভালে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ডিসেম্বরের ৪ তারিখ মানুকা ওভালে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরবর্তী দুই ম্যাচ হবে ৬ এবং ৮ ডিসেম্বর। এই দুটি ম্যাচই হবে সিডনিতে।
সীমিত ওভারের ক্রিকেট শেষে সাদা পোষাকের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া ও অজিরা। গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবারাত্রির ম্যাচটি। বক্সিং ডে তথা দ্বিতীয় টেস্ট হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি। এছাড়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে ১৫ জানুয়ারি, গ্যাবাতে।
২০১৭ সালের ১১ ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। চলতি বছরের আগস্টে এক টুইট বার্তায় পরিবারে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছিলেন কোহলি।