রাঙ্গামাটিতে ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি উদ্যাপন
রাঙ্গামাটিতে ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পোর্ট্রিয়েটের আয়োজনে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন পোর্ট্রিয়েটের উপদেষ্টা, দ্য পিপলসের সম্পাদক ওসমান গণি মনসুর। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, পোর্ট্রিয়েটের ২০০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক বুলবুল আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পোর্ট্রিয়েটের প্রতিষ্ঠাতা রূপম চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের স্মৃতি, ইতিহাস ও সময়কে ধরে রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম ফটোগ্রাফি। প্রায় দুই শতাব্দীর পথ পেরিয়ে এটি আধুনিক জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
.png)
বক্তারা জানান, ১৮২৬ সালে ফরাসি উদ্ভাবক নিকেফোর নিএপ্স স্থায়ী আলোকচিত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। পরবর্তী সময়ে প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নে ফটোগ্রাফি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৩৯ সালে ডাগেরিওটাইপ পদ্ধতি প্রকাশের পর সাধারণ মানুষের কাছেও আলোকচিত্র নতুন এক দৃশ্যমান মাধ্যম হিসেবে পরিচিতি পায়।
সময়ের সঙ্গে ক্যামেরার আকার ছোট হয়েছে, বেড়েছে ছবি ধারণের গতি ও সহজলভ্যতা। ফিল্ম ক্যামেরার যুগ পেরিয়ে ফটোগ্রাফি এখন ডিজিটাল ক্যামেরা ও স্মার্টফোনের মাধ্যমে আরও সহজ ও ব্যাপক হয়েছে।
বক্তারা আরও বলেন, সংবাদ, ইতিহাস, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি থেকে শুরু করে ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সংরক্ষণে ফটোগ্রাফির ভূমিকা অপরিসীম। অনেক সময় একটি ছবি দীর্ঘ বর্ণনার চেয়েও কোনো ঘটনা বা সময়কে স্পষ্টভাবে তুলে ধরতে পারে। দুই শতাব্দীর এই যাত্রায় ফটোগ্রাফি শুধু ছবি ধারণের প্রযুক্তি হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।