ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ১৬ নভেম্বর ২০২৬
রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
এস আলম গ্রুপের কারখানা খুলে দেয়ার দাবিতে জেলা প্রশাসনের সামনে শ্রমিকদের বিক্ষােভ

আসন্ন রমজানে চিনির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান ফিরে পাওয়ার দাবিতে এস আলম সুগার মিলসহ বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর আহ্বান জানিয়েছেন শ্রমিকরা। 

১৬ নভেম্বর, সোমবার চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন তাঁরা।

‘দাবি মোদের একটাই, কারখানা খোলা চাই’, ‘রমজানের চাহিদা মেটাতে এস আলম সুগার মিল চালু করো’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে শ্রমিকরা কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে শাহ আমানত সেতু অতিক্রম করে নগরের দিকে এগিয়ে যায়।

পরে মিছিলকারীরা নগরের আদালত এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

শ্রমিকরা জানান, এস আলম সুগার মিলসহ সংশ্লিষ্ট কারখানাগুলো বন্ধ থাকায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাঁদের। অনেক শ্রমিকের পক্ষে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে।

তাঁদের দাবি, কারখানাগুলো দ্রুত চালু করা হলে শ্রমিকদের কর্মসংস্থান ফিরে আসবে। পাশাপাশি আসন্ন রমজানে দেশের চিনির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এস আলম সুগার মিল। তাই শ্রমিকদের দুর্দশা বিবেচনায় নিয়ে অবিলম্বে কারখানা চালুর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!