ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ ধর্ম ]

ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ শুরু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ১৬ নভেম্বর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ শুরু
সংগৃহীত ছবি

ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের প্রাতিষ্ঠানিক উদ্যোগ শুরু হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা (ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক) হস্তান্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে এ প্রস্তাব হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে গত ১৭ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চিঠি দেয়। ওই চিঠিতে ৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত সরকারি সভার সিদ্ধান্ত উল্লেখ করা হয়। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের পাশাপাশি উপজেলা পর্যায়ে জনবল কাঠামোসহ কার্যালয় স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়।

এ জন্য প্রধান কার্যালয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় জনবল কাঠামো এবং কার্যালয় স্থাপনের প্রস্তাবসহ খসড়া সাংগঠনিক কাঠামো ও তার যৌক্তিকতাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে অনুরোধ জানায় মন্ত্রণালয়।

এর পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করেছে। এতে প্রতিষ্ঠানের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নিয়ে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী অর্গানোগ্রাম তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা, সাংগঠনিক গতিশীলতা, মাঠপর্যায়ের কার্যক্রমের সমন্বয় এবং সেবার মান বাড়তে পারে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা বাড়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রস্তাবিত কাঠামো হস্তান্তরের পর তা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করে পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করা হবে। এরপর সেটি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!