ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

হজ কোটা নিয়ে সৌদি আরবের যে আশ্বাস পেল বাংলাদেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ১৪ নভেম্বর ২০২৬
হজ কোটা নিয়ে সৌদি আরবের যে আশ্বাস পেল বাংলাদেশ
সংগৃহীত ছবি

অন্য দেশগুলোর জন্য বরাদ্দ করা হজ কোটা অব্যবহৃত থাকলে তা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। এছাড়া বাংলাদেশের হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে দেশটি থেকে আশ্বাস পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে বা পুরো কোটা ব্যবহার না করলে সেই দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন সৌদি মন্ত্রী। এ ধরনের সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

সৌদি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো।’ দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আশা করছে, এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!